
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ হলরুমে এ স্বরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পার্বতীপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাঃ মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।
প্রধান অতিথি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং উন্নয়ন ভাবনা নতুন প্রজন্ম কে জানাতে হবে।
এতে সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ। সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক আকতার হোসেন, পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন শাদো, যুগ্ম সাধারণ সম্পাদক দীপঙ্কর সাহা মানিক, উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম ডাক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান সিয়াম ও হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে এক অনন্য নেতৃত্বের নাম। দেশের ক্রান্তিকালে তাঁর সাহসী নেতৃত্ব জাতিকে নতুন পথ দেখিয়েছিল। দেশের প্রতি তাঁর আত্মত্যাগ, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।