👁 397 Views

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, প্লাবিত ফসলি জমি

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

জানা গেছে, সকাল থেকে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করে। ফলে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি প্লাবিত হয়েছে। নদীতীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষের মধ্যে বন্যা ও নদীভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৮ জুন) রাত ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের ৮ থেকে ১০টি চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

তিস্তা ডালিয়া পয়েন্টের পানির স্তর পরিমাপক নুরুল ইসলাম জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, উজানের ঢলে তিস্তার পানি বেড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তিস্তার নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *