👁 132 Views

ব্রাজিল কি পারবে নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলাতে

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিলের সামনে এবার শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যই নয়, রয়েছে দীর্ঘদিনের এক অস্বস্তিকর রেকর্ড ভাঙারও সুযোগ।

সোমবার (৬ জুলাই) নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে সেলেসাওরা, যেখানে জয়ের মাধ্যমে স্ক্যান্ডিনেভিয়ান দেশটির বিপক্ষে প্রথমবারের মতো জয় তুলে নিতে চাইবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ব্রাজিল সমর্থকদের কাছে ১৯৯৮ সালের বিশ্বকাপের সেই ম্যাচ এখনও দুঃস্বপ্নের মতো। গ্রুপ পর্বে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে যায় তৎকালীন বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচে নরওয়ের হয়ে খেলেছিলেন বর্তমান কোচ স্টেল সলবাকেন, যিনি এবার ডাগআউট থেকে আবারও ব্রাজিলের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন।

পরিসংখ্যান বলছে, নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেও একবারও জিততে পারেনি ব্রাজিল। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর বাকি দুটি ম্যাচে হারের স্বাদ পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক ফুটবলে নরওয়েই একমাত্র দল, যার বিপক্ষে এখনো জয়হীন ব্রাজিল।

অন্যদিকে, আত্মবিশ্বাসে উজ্জীবিত নরওয়ে। টানা দুই জয়ে ‘আই’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করার পর ফ্রান্সের বিপক্ষে ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনেন কোচ সলবাকেন। এরপর শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম নকআউট জয় তুলে নেয় নরওয়ে। এর আগে ১৯৩৮ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে তারা প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল।

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তবে ব্রাজিল ফরোয়ার্ড মাথেউস কুনিয়া মনে করেন, শুধু হালান্ডকে ঘিরে পরিকল্পনা করলেই হবে না।

কুনিয়া বলেন, “হালান্ড বিশ্বমানের ফুটবলার এবং ইউরোপিয়ান ফুটবলে সেটা নিয়মিত প্রমাণ করছে। কিন্তু নরওয়ে শুধু একজনের দল নয়। তাদের আরও কয়েকজন বিপজ্জনক খেলোয়াড় আছে। তাই পুরো দলকে নিয়েই আমাদের পরিকল্পনা করতে হবে।”

এ দিকে চোটের কারণে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে ব্রাজিল শিবির। জাপানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। ফলে মাঝমাঠের সমীকরণ নতুন করে সাজাতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। এছাড়া নকআউট পর্বে এখনো মাঠে না নামা নেইমারকে এই ম্যাচে দেখা যাবে কি না, তা নিয়েও রয়েছে জল্পনা।

তবে আক্রমণভাগে স্বস্তির খবরও আছে। প্রায় দুই সপ্তাহ পর অনুশীলনে ফিরেছেন রাফিনহা। যদিও তার অনুপস্থিতিতে তরুণ রায়ান দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে শুরুর একাদশ নির্বাচন নিয়ে সুখকর সমস্যায় পড়তে হতে পারে আনচেলত্তিকে।

ব্রাজিলের জন্য এই ম্যাচটি শুধু নকআউট পর্বের আরেকটি লড়াই নয়; এটি তিন দশকেরও বেশি সময় ধরে বহন করা একটি নেতিবাচক রেকর্ড বদলে দেওয়ার সুযোগ। অন্যদিকে নরওয়ে চাইবে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত ইতিহাস আরও দীর্ঘ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *