
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : পেশার মর্যাদা রক্ষা ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ চার দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। এর আয়োজন করে পার্বতীপুর উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রিপন কুমার দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশিম রেজা, সাংগঠনিক সম্পাদক মো. সুমন খান, উপদেষ্টা এ এইচ এম মিলন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ লোকমান হাকিম মণ্ডল।
সংগঠনের সভাপতি রিপন কুমার দাস অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা হয়রানি ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পার্বতীপুরসহ সারা দেশে ফারিয়ার উদ্যোগে একযোগে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম শরিফুল রেজওয়ান জানান, হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে চিকিৎসকদের সাক্ষাতের জন্য সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত নির্ধারিত সময় রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালে কোনো ধরনের গোলযোগের ঘটনা ঘটেনি এবং এমন পরিস্থিতির সম্ভাবনাও নেই।