👁 377 Views

মৌলভীবাজারে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় শুটকি ব্যবসায়ী আব্দুল আজিজের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে মৌলভীবাজার মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণগ্রামের ছোবহান হাজীর বাড়ির বাথরুমে একটি মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় এখন পর্যন্ত নতুন কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হত্যার উদ্দেশ্য কী ছিল এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *