
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :রংপুর নগরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনার কারণ জানিয়েছে পুলিশ এবং এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার মাহবুবুর রহমান জানান, সকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।
মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং দুই আসামি বর্তমানে কারাগারে আছেন।
গত ২২ অগাস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ২৩ অগাস্ট নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
শুরুতে মামলাটির তদন্তের দায়িত্ব পান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জী। পরে মামলার তদন্তভার নেয় মহানগর ডিবি পুলিশ এবং এরপর থেকে মামলাটি তদন্ত করছেন পরিদর্শক জিন্নাত আলী।
উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আরও বলেন, ডিবি পুলিশের হাতে তদন্তের দায়িত্ব আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ শনাক্ত হয়েছে।
গত ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর দুই দফায় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। এসব নমুনার মধ্যে ছিল খেজুরের বীজ, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ এবং দুই আসামির রক্তের নমুনা।
তদন্ত কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলীর ভাষ্য অনুযায়ী, খেজুরের বীজে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং সিগারেটের শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।
ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জিন্নাত আলী জানান।
গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী ও স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিশ্চিত হতে নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
জিন্নাত আলীর দাবি, গণপতি চক্রবর্তী অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন বলে জানতে পেরেছিলেন আসামিরা। বাড়িতে স্বর্ণালংকার রয়েছে বলেও তাদের ধারণা ছিল। এসব সম্পদ চুরির উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদ দিয়ে গণপতিদের বাড়িতে প্রবেশ করেন তারা। এরপর পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করা হয়।