👁 410 Views

শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে শুরু হলো ‘শাপলাকুঁড়ি’

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :  চ্যানেল আইতে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘শাপলাকুঁড়ি ২০২৬’। ‘যেখানে প্রতিভা সেখানেই আমরা’—এই স্লোগানে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতার এ আসর। রিয়েলিটি শোটির প্রকল্প পরিচালক রাজু আলীম।

সম্প্রতি চ্যানেল আইতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা ও ফাতেমা তুজ জোহরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া প্রমুখ। আয়োজকদের ভাষ্য, শিশুরা ফুলের মতো। তাদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা অন্বেষণে কাজ করছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী। এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই।

প্রতিযোগিতায় ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত বিভাগে দেশের ১২টি জোনের প্রাথমিক বিজয়ীরা বিষয়ভিত্তিক নির্বাচনে অংশ নেবেন। মোট ১৫টি একক ও ৩টি দলীয় বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবেন। প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি দুটি বিভাগে দুইজন শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন নির্বাচিত হবেন। প্রতিযোগিতার প্রতিটি পর্ব প্রচারিত হবে চ্যানেল আইতে।

প্রতিযোগিতার নিবন্ধন চলবে ২৬ জুলাই থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে চ্যানেল আই এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *