👁 601 Views

শুক্রবার ভারত থেকে আসবে আরো ৫ হাজার টন ডিজেল

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আরো ৫ হাজার  টন ডিজেল আসছে। শুক্রবার (২৭ মার্চ) এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এটি পাইপলাইনে দ্বিতীয় দফায় ডিজেল আমদানি। এর আগে গত ১৩ মার্চ একইভাবে ৫ হাজার  টন ডিজেল দেশে পৌঁছায়।

ডিপো সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। প্রায় ৬০ ঘণ্টার মধ্যে তা পার্বতীপুর ডিপোর সংরক্ষণাগারে পৌঁছাবে।

পার্বতীপুর ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।

ডিপোর বর্তমান মজুদ পরিস্থিতি অনুযায়ী, ডিজেলের ধারণক্ষমতা ৫৭ লাখ লিটার হলেও মজুদ রয়েছে প্রায় ২২ লাখ ১৫ হাজার লিটার।এ ছাড়া পেট্রল, অকটেন ও কেরোসিনের মজুদ সীমিত থাকায় আগামী সাতদিন কোনোভাবে সরবরাহ চালানো সম্ভব বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, দেশের উত্তরাঞ্চলের ৮টি কৃষিনির্ভর জেলায় সেচ কার্যক্রম সচল রাখা এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ মোট ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানি করতে পারবে।

এরই অংশ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ইতিমধ্যে ডিজেল আমদানি করছে। এই আমদানিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা, যার একটি অংশ বিপিসির নিজস্ব অর্থায়নে এবং বাকিটা ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।

এ ছাড়া আগামী চার মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরো ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয়ে দিয়েছে বিপিসি।

উল্লেখ্য, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ টন এবং ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ২১৬  টন ডিজেল সরবরাহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *