👁 198 Views

শ্রীমঙ্গলে বাস স্টপেজের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের স্টপেজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনী এলাকায় হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ স্থানীয় ভুক্তভোগীদের নিয়ে মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। প্রতিদিন শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্যসহ নানা প্রয়োজনে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ ও সিলেটমুখী বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। অথচ হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ একটি পরিবহনে শ্রীমঙ্গলে স্টপেজ বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সংস্কৃতিকর্মী মোঃ তারেক ইকবাল চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার সভাপতি নিহার রঞ্জন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতালী দত্ত, কোষাধ্যক্ষ সুলতান আহমদ, সদস্য মোঃ ওয়াহিদ হাসান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, শ্রীমঙ্গলবাসী কোনো বিশেষ সুবিধা চাইছে না; তারা তাদের ন্যায্য অধিকার ও যাতায়াতের সুযোগটুকুই চাইছে। দ্রুত হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসের শ্রীমঙ্গল স্টপেজ চালু না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তৃতারা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি বিবেচনা করে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের শ্রীমঙ্গলে স্টপেজ দেওয়ার জোর দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *