
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম মোঃ লিটন (৩২)। তিনি শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের বাবুল আহমেদের ছেলে।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে (১০ জুন) শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের চৌমুহনী এলাকা থেকে আসামি লিটনকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, লিটন কুমিল্লা জেলার চান্দিনা থানার মামলা নং-২, তারিখ ০১ ডিসেম্বর ২০০৯, জিআর নং-১৯৪/০৯ ও দায়রা নং-১০৭৫/১৪ এর দণ্ডিত আসামি। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৩(খ)/২১/৩৩ ধারায় দায়ের করা হয়েছিল।
মামলার বিচারে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।