সমাপ্ত হয়েছে “দৃষ্টিশক্তি সুরক্ষায়” ৫ দিনের গান গেয়ে প্রচারণা

মৌলভীবাজার প্রতিনিধি :
চোখের যত্ন ও দৃষ্টিশক্তি সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে বাউল গানে গানে ৫ দিনব্যাপী প্রচারণা সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর)  মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উপলক্ষে প্রচার গাড়িতে বাদ্যযন্ত্র বাজিয়ে বাউল সংগীতের মাধ্যমে সাধারণ মানুষের কাছে চোখের যত্ন নিতে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায়, কিওর ব্লাইন্ডনেস প্রজেক্টের অর্থায়ন ও কারিগরি সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (MSEDA)-এর উদ্যোগে এ সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
বাউল গানের সহজ ও আকর্ষণীয় পরিবেশনার মাধ্যমে চোখের বিভিন্ন সমস্যা, চোখে আঘাত এবং পোকামাকড়ের কামড়ের মতো ঘটনায় করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। বিশেষ করে চা-বাগান এলাকার শ্রমজীবী মানুষের কাছে চোখের যত্নের বার্তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রচারণায় জানানো হচ্ছে, চোখে কোনো সমস্যা দেখা দিলে কিংবা চোখে আঘাত লাগলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিক পরামর্শ ও চিকিৎসার জন্য সংশ্লিষ্ট চা-বাগান হাসপাতালগুলোতে যোগাযোগ করা যাবে। আর চোখের পূর্ণাঙ্গ চিকিৎসার প্রয়োজনে মৌলভীবাজারের শমসেরনগর রোডে অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, চোখ মানুষের অমূল্য সম্পদ। চোখের সামান্য সমস্যাকেও অবহেলা করা উচিত নয়। সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক ক্ষেত্রে দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং চক্ষুসেবার বিষয়ে তথ্য পৌঁছে দিতে প্রচলিত প্রচারণার পাশাপাশি বাউল সংগীতের মতো লোকজ মাধ্যমকে কাজে লাগানো হচ্ছে।
৫ দিনব্যাপী এ প্রচার কার্যক্রম শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০টি এলাকায় এ প্রচারণা চালানো হয়। প্রচারণার আওতাভুক্ত এলাকাগুলো হলো—শমসেরনগর চা-বাগান, তিলকপুর চা-বাগান, খেজুরীছড়া চা-বাগান, নীলকণ্ঠ চা কেবিন, মেরিনা চা-বাগান, কাপনা পাহাড় চা-বাগান, চানপুর চা-বাগান, সাতগাঁও বাজার, মাগুরছড়া হাসিয়া পুঞ্জি এবং মাধবপুরের শিববাজার।
বিশ্ব দৃষ্টি দিবসের তাৎপর্য সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে আয়োজিত এ ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় জনগণকে অংশগ্রহণ ও প্রচারণার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। একই সঙ্গে চোখের যেকোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত চিকিৎসাসেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *