👁 129 Views

পার্বতীপুর অয়েল ডিপো অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : পার্বতীপুর রেলহেড পিওএল অয়েল ডিপো অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিপোর যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল আনলোড পয়েন্টের মোটর রুমে বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়।

ডিপোর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনার পর ডিপোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।

খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই ডিপোর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে।

জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন পার্বতীপুর ডিপোর মাধ্যমে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ করে। ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমেও এ ডিপোতে জ্বালানি তেল আসে। ডিজেল, পেট্রোল ও অকটেন মিলিয়ে ডিপোটির ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার মেট্রিক টন।

বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকায় এমন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় এবার বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হলেও আগুনের সূত্রপাতের কারণ খুঁজে বের করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *