👁 88 Views

ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন মেসি

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : দুই বছর পর আবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ফিরলেন মহাতারকা লিওনেল মেসি। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স ও ক্লাব পর্যায়ে ইন্টার মায়ামির জার্সিতে আলো ছড়ানোর স্বীকৃতি পেলেন তিনি।

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের জন্ম ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর হাত ধরে। তারা ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে মঙ্গলবার ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। গত মৌসুমের পারফরম্যান্সের (৩ আগস্ট, ২০২৫ থেকে ১৯ জুলাই, ২০২৬) ভিত্তিতে মনোনয়ন পেয়েছেন ফুটবলাররা।

গত দুইবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। রেকর্ড আটবার এই সম্মাননা জিতেছেন তিনি, সবশেষটি পেয়েছিলেন ২০২৩ সালে। এই নিয়ে ১৭তম বারের মতো মনোনয়ন পেলেন তিনি।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বেশিবার ঠাঁই পাওয়ার রেকর্ড অবশ্য আরেক মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর দখলে। তিনি ১৮ বার মনোনয়ন পেয়েছেন। তবে ২০২২ সালের পর আর সংক্ষিপ্ত তালিকায় সুযোগ হয়নি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ ফরোয়ার্ড।

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের এই লড়াইয়ে অনুমিতভাবে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন, রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে, বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল ও ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডের মতো তারকারা। আরও আছেন গতবারের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে ও ২০২৪ সালের ব্যালন ডি’ অরজয়ী রদ্রি। তবে নেই বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।

এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ফেভারিট ভাবা হচ্ছে কেইনকে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে তিনি ৬৫ ম্যাচে ৭৩ গোল ও ৮ অ্যাসিস্ট করেন। বায়ার্নের বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠায় ছিল তার বড় অবদান।

প্যারিসের বদলে আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের এবারের আয়োজন। এই পুরস্কারের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালের পর থেকে নিয়মিতভাবে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে হয়েছে জমকালো অনুষ্ঠানটি।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা- জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), উসমান দেম্বেলে (পিএসজি/ফ্রান্স), মার্ক কুকুরেয়া (চেলসি/রিয়াল মাদ্রিদ/স্পেন), লুইস দিয়াজ (বায়ার্ন মিউনিখ/কলম্বিয়া), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), গ্যাব্রিয়েল (আর্সেনাল/ব্রাজিল), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড)

আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো), খাভিচা কাভারাতস্খেলিয়া (পিএসজি/জর্জিয়া), লামিন ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), সাদিও মানে (আল নাসর/সেনেগাল), মার্কিনিয়োস (পিএসজি/ব্রাজিল), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান/আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), নুনো মেন্দেস (পিএসজি/পর্তুগাল), লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা), জোয়াও নেভেস (পিএসজি/পর্তুগাল),

মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ/ফ্রান্স), উইলিয়াম পাচো (পিএসজি/ইকুয়েডর), হুলিয়ান কিনিয়োনেস (আল কাদসিয়া/মেক্সিকো), ডেকলান রাইস (আর্সেনাল/ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার, সিটি/বার্সেলোনা/স্পেন), ফাবিয়ান রুইজ (পিএসজি/স্পেন), উইলিয়াম সালিবা (আর্সেনাল/ফ্রান্স), ফেরান তোরেস (বার্সেলোনা/পিএসজি/স্পেন), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ/ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল), ভিতিনিয়া (পিএসজি/পর্তুগাল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *