
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, কুয়াকাটার উন্নয়নে ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কাজ বাস্তবায়ন হলে কুয়াকাটায় পর্যটকদের সমাগম আরও বাড়বে।
তিনি আরও বলেন বর্তমান সরকার সমশ্রেণীর মানুষের সহায়তায় কাজ করছে। তাদের লক্ষ্য সরকারের সকল সুবিধা প্রকৃত অসহায়ের পৌঁছে দেয়া। আজ যারা সহায়তা পেয়েছেন এতে তাদের পরিবারে কিছুটা উপকৃত হবে।
পটুয়াখালীর কলাপাড়া বজ্রপাতে নিহত ও হতদরিদ্র নারীদের সরকারি প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তেন মং, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কলাপাড়ায় বজ্রপাতে নিহত চাকামইয়া ইউনিয়নের খালেক হাওলাদার, সেতারা বেগম ও ধুলাসার ইউনিয়নের জহিরের পরিবারকে ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা এবং হতদরিদ্র ২৯ নারীকে ১০ হাজার টাকা করে দুই লাখ ৯০ হাজার টাকা প্রদান করেন।