মৌলভীবাজারে প্রাইভেট কারে গরু চুরি, আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে অভিনব কৌশলে প্রাইভেট কারে গরু চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটরসাইকেল, চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও দুটি গরু।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ, এসআই শিপু কুমার দাশ, এসআই জয়ন্ত সরকার, এসআই হিরণ কুমার বিশ্বাস ও এএসআই জাহিদুল ইসলামের সমন্বয়ে গঠিত পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে সুজন সূত্রধর সান্টু (২৮), শরীফ উদ্দিন ওরফে শারীফ উদ্দিন (৩৬) ও জুয়েল মিয়া (৩৫) নামের ৩জনকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কালেঙ্গা এলাকা থেকে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টায় সিলেট জেলার বালাগঞ্জের নশিরপুর এলাকা থেকে চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। জব্দের সময় প্রাইভেটকারের ভেতর থেকে দুটি গরু উদ্ধার করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা থেকে ২৯ সেপ্টেম্বর সকাল ৫টার মধ্যে মৌলভীবাজার সদরের টেকসালিয়া এলাকার মোহাম্মদ ইউনুস সিদ্দিকীর বাড়ির গ্যারেজ থেকে একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল চুরি হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *