পাঁচবিবিতে সোলার বিদ্যুতেই চলছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান

‎

‎পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধি:

‎ভয়াবহ গরমে তীব্র লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেতে সোলার প্যানেলের দিকে ঝুঁকছেন অনেকে। একবারে কিছু টাকা বিনিয়োগে সোলার প্যানেল স্থাপন করলে মাসে মাসে বিদ্যুৎ বিল গোনার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পাওয়া সম্ভব।

‎জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের গণেশপুর এলাকার হাকিম মন্ডল তার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম চালাচ্ছেন সৌরবিদ্যুতের সহায়তায়। বাসার সামনের পুকুর পাড়ে সারিবদ্ধভাবে স্থাপন করেছেন সোলার প্যানেলগুলো। সূর্যের আলো থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করে চলছে তার বাসার ফ্যান, লাইট সহ সকল ইলেকট্রনিক যন্ত্রপাতি। পুকুরের পাড়ে স্থাপিত এই প্যানেলগুলো দেখতেও বেশ দৃষ্টিনন্দন।

‎এ বিষয়ে হাকিম মন্ডল বলেন, “বৈশ্বিক জ্বালানী সংকটের ফলে মাঝে মধ্যেই বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজনে আমার ছেলে নাফিজ মন্ডল একবারে কিছু টাকা খরচ করে সোলার প্যানেল স্থাপন করেছে। আগে আমার বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা বিদ্যুৎ বিল আসতো। সোলার স্থাপনের পর থেকে সেই বিল আর গুনতে হয় না। এতে অনেক সাশ্রয় হচ্ছে এবং ২৪ ঘন্টাই প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যায়।

‎এ বিষয়ে বিদ্যুৎ সংশ্লিষ্টরা জানান, সূর্যের আলো থেকে সরাসরি ডিসি বিদ্যুৎ উৎপন্ন হয়। সেই বিদ্যুৎ সরাসরি ঘরের যন্ত্রপাতি চালানো বা মজুত রাখা যায় না। সোলার প্যানেলের সাথে ব্যাটারি, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার সহ অন্যান্য সরঞ্জামের সমন্বয়ে এই সিস্টেম তৈরি করা হয়, যা দিয়ে সহজেই বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *