
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :দিনাজপুরের চিরিরবন্দরে একই ঘর থেকে এক গৃহবধূ ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তাফাপুর বালুপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হলেও নিহতের স্বজনদের দাবি, গৃহবধূ ও তাঁর দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন— ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী স্বর্ণা আক্তার (২৩), তাঁদের ছেলে সাফায়াত হোসেন (৪) এবং মেয়ে রাইসা আক্তার (১)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাকিলের সঙ্গে তাঁর স্ত্রী স্বর্ণার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই কলহ ও ঝগড়া-বিবাদ হতো। ঘটনার দিন রোববার সন্ধ্যা ৬টার পর পরিবারের অন্যান্য সদস্যরা বাজারে গেলে ঘরের ভেতরে এই ঘটনা ঘটে। পরবর্তীতে পরিবারের লোকজনের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিলসহ মোট তিনজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহত গৃহবধূর স্বজনেরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন, এটি স্বাভাবিক কোনো মৃত্যু নয়, বরং স্বর্ণা ও তাঁর দুই অবুঝ সন্তানকে হত্যা করা হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা টিম তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।