
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে এক নারীর স্বর্ণালঙ্কার ছিন্তাইয়ের ঘটনায় ৭ মামলার আসামি কুখ্যাত ছিন্তাইকারী সামসুল ইসলাম ওরফে কাউয়া সামসুকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এলাকা থেকে ছিন্তাইকারী কাউয়া সামসু (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গত ২ আগস্ট সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে মৌলভীবাজার সদরের রঘুনন্দনপুর এলাকায় দেওয়ান শাহেল গাজীর বাড়ির গেটের সামনে থেকে এক নারীর কাছ থেকে দুইটি স্বর্ণের ব্রেসলেট, দুইটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের কানের দুল জোরপূর্বক ছিন্তাই করে ৩ ছিন্তাইকারী।
এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন তথ্যের ভিত্তিতে সামসুল ইসলামকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের থানার রেকর্ডপত্র, পিসিপিআর ও সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, সামসুল ইসলামের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.) ও কোতোয়ালি মডেল থানা, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এবং হবিগঞ্জের নবীগঞ্জ থানায় মোট সাতটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত সামসুল ইসলাম ওরফে ‘কাউয়া সামসু’ সিলেট জেলার শাহপরাণ (রহ.) থানার দত্তগ্রাম (খিদিরপুর) এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।