👁 405 Views

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, সেই প্রশ্নে একটি নাম ঘিরে জোর আলোচনা চললেও আনুষ্ঠানিক ঘোষণার জন্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সবাইকে অপেক্ষায় রাখছে ক্ষমতাসীন বিএনপি।

দলটির স্থায়ী কমিটির একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর প্রার্থীর সম্মতি ও প্রস্তাবক-সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

এর আগে গত ১০ অগাস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর দেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সেই সিদ্ধান্তের কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, চেয়ারম্যানের সাথে বৈঠকে রাষ্ট্রপতি পদে যিনি প্রার্থী হবেন তার নাম আমরা জানতে পারব।

তিনি বলেন, সেই বৈঠকে সম্ভাব্য প্রার্থীর স্বাক্ষর নেওয়া হবে এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়ন ফরম নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য একটি প্রতিনিধি দলকে পাঠানো হবে।

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে বেশি আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত দলীয়ভাবে তার নাম নিশ্চিত করা হয়নি।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার ১৩ অগাস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। ১৬ অগাস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ অগাস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ অগাস্ট।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে। তিনিও বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন।

একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটাভুটির প্রয়োজন হবে। সেজন্য আগামী ২০ অগাস্ট দিন রাখা হয়েছে তফসিলে। সংসদ সদস্যরা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটাভুটিতে অংশ নেবেন। আর সেখানে বিএনপির দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচন হবে। ফলে বিএনপি যখন তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবে, তখনই কার্যত নিশ্চিত হয়ে যাবে, দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়ে কে যাচ্ছেন বঙ্গভবনে।

জামায়াত-নেতৃত্বাধীন জোটের এক নেতা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন করার সুযোগ তৈরি করতে তারা অলি আহমদের মনোনয়ন দিয়েছেন।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া সাহাবুদ্দিন নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই বঙ্গভবন ছাড়েন।

পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। সূত্র: বিডি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *