
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষ। দীর্ঘদিন যাবত এ ফল প্রকাশের জন্য অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুই পদ্ধতিতে এ ফল জানা যাবে।
দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। তারা জানান, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের পর তা পরীক্ষার্থীদের মোবাইল ফোনেও চলে যাবে। এমন পরিকল্পনা রয়েছে সরকারের।
শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রাথমিকের বৃত্তির ফল বৃহস্পতিবারই প্রকাশ করার কথা রয়েছে। কাজ এখনো চলছে, রাতে কাজ শেষ করলে বৃহস্পতিবার ফল হবে। আইটি ডিভিশন কাজ শেষ করে দিলেই আমরা সেটা তুলে দেবো। তাৎক্ষণিক ফল প্রকাশ হয়ে যাবে। আপাতত আমরা বৃহস্পতিবার ফল প্রকাশের সিদ্ধান্তেই আছি। সময়টা নির্দিষ্ট করে বলতে পারছি না। এটাই সর্বশেষ আপডেট। সময় মন্ত্রণালয় জানাবে।
এর আগে ফল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ ফল প্রকাশ হবে। এরই মধ্যে অধিদপ্তরের আইপিইএমআইএস সিস্টেমে (লাইভ সার্ভার) ফল দেখার লিংকও উন্মুক্ত করা হয়েছে। তবে এবার সামনে এলো ফল প্রকাশের তারিখ।
ফল মিলবে অনলাইনে ও এসএমএসে: অধিদপ্তর জানায়, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার অফিসিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টাল।
প্রসঙ্গত, দেশের ৬১ জেলায় গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মধ্যদিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়। এ ছাড়াও রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৭, ১৮, ১৯ এবং ২০ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।