কলাপাড়ার ১৭ টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা ও শাড়ি বিতরণ।। 

 

কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ১৭ টি মন্দিরে প্রধানমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে নগদ টাকা ও দরিদ্রদের জন্য পূজার শাড়ি বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় সংসদ সদস্যের বাসভবনে ১৭ টি পূজা মন্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি হিসেবে এ নগদ টাকা ও শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক,  সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,  পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবারের চেয়ে কলাপাড়ায় পূজা মন্দির বাড়ায় প্রমান হয়েছে এ সরকারের আমলে সব ধর্মের মানুষের ধর্মীয় সহাবস্থান রয়েছে। পূজাকে আরও উপভোগ্য করার জন্য সরকারের পক্ষ থেকে কলাপাড়ার ১৭ টি মন্দিরে নগদ টাকা ও শাড়ি বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কলাপাড়ার ১৭ টি মন্দিরে ১০ হাজার টাকা করে এক লাখ ৭০ হাজার টাকা ও ৩০০ পিচ শাড়ি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *