ঘোড়াঘাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৩০ কেজি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার, আটক ১

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৩০ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এ সময় মো. মোমিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিশ্বস্ত স্থানীয় সূত্রের মাধ্যমে তথ্য পেয়ে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমান্ত এলাকার ছত্রা বাজারের পাশে জনবসতিহীন একটি টিনের ঘরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন মজুত থাকার সন্ধান পাওয়া যায়। পরে বিজিবির ৩০ সদস্যের একটি টহল দল, যার মধ্যে দুইজন নারী সৈনিক ছিলেন, এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে একজনকে আটকসহ একটি বেলে পাথরের শিলাখণ্ড, একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং একটি শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়। উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে বেলে পাথরের খণ্ডাংশের ওজন ৯০ কেজি, কষ্টিপাথরের খণ্ডাংশের ওজন ২০ কেজি এবং শিবলিঙ্গের খণ্ডাংশের ওজন ২০ কেজি। সব মিলিয়ে উদ্ধার করা নিদর্শনগুলোর ওজন ১৩০ কেজি। এগুলোর আনুমানিক জব্দমূল্য ৮৫ লাখ টাকা।
আটক মো. মোমিন ইসলাম (৪৪) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির মেডিকেল পরীক্ষা শেষে প্রয়োজনীয় সনদ সংগ্রহ করে পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধার করা নিদর্শনগুলোর প্রত্নতাত্ত্বিক সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান, মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *