১ ডিসেম্বর শুরু হচ্ছে এইচএসসির পুনঃপরীক্ষা

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ লক্ষ্যে এইচএসসি (সাপ্লিমেন্টরি) পরীক্ষার আবেদন ফরম পূরণের কার্যক্রম যথাসময়ে শেষ করতে হবে।

পরীক্ষার্থীরা পরীক্ষার প্রয়োজনীয় ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে পারবেন। ফি জমার রসিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের (নিয়মিত ও অনিয়মিত) তত্ত্বীয় প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা দিতে হবে। ব্যবহারিক প্রতি বিষয়ের জন্য ফি ২৫ টাকা। কেন্দ্র ফি হিসেবে দিতে হবে আরও ৪৫০ টাকা। সেই হিসাবে একজন শিক্ষার্থীকে মোট ৬০০ টাকা জমা দিতে হবে।

শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) শিগগিরই প্রকাশ করা হবে। এ লক্ষ্যে পরীক্ষার্থীদের আবেদন ফরম ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে পূরণ করতে হবে। তবে ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।

অর্থ জমা দেওয়ার এক দিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নেওয়া হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধান স্বাক্ষর করবেন।

পরীক্ষার্থীদের স্বাক্ষরসংবলিত তালিকার প্রিন্ট কপির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছে মোট ২ লাখ ৯৮ হাজার ৪০ জন। দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *