পার্বতীপুরে বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচন, সভাপতি রকিব-উল- ইসলাম সম্পাদক রেজাউল করিম

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুরের পার্বতীপুর বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ৯২ ভোট পেয়ে রকিব উল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি ছাড়া নির্ধারিত সময়ে ভোটগ্রহণ কার্যক্রম চলে। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমিতি সূত্রে জানা গেছে, মোট ১৯২ জন ভোটারের মধ্যে ১৭৩ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আমিনুল হক এবং সহকারী নির্বাচন কমিশনার আহসানুল্লাহ ও কমল কুমার দাস আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে ১২৭ ভোট পেয়ে আসাদুজ্জামান বিপুল নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে ১১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন সায়েদুর মোরসালিন জনি। সাংগঠনিক সম্পাদক পদে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জালালউদ্দিন।
এছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে জহুরুল হক এবং দপ্তর সম্পাদক পদে মাহমুদুল আলম ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সকাল থেকে ভোটকেন্দ্রে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচন ঘিরে বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *