এইচএসসি: উত্তরপত্র পুনর্মূল্যায়নে জিপিএ ৫ পেলেন ১৬২০ জন

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফলে নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ১৬২০ শিক্ষার্থী। আর ফেইল থেকে পাস করেছেন পাঁচ হাজার ৫৪৮ জন।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ফল অনুযায়ী, ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ৭ দশমিক ৯৫ শতাংশ।

এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নে আবেদন করেছিলেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ৪৬৫ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬৩, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ ও ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩৮ জন নতুন করে জিপিএ ৫ পেয়েছেন।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৮১ হাজার ৭৯৪ জন উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন; তাদের মধ্যে পাঁচ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। আর সবচেয়ে কম ১১ হাজার ৮৮২ জন আবেদনকারী ছিলেন মাদ্রাসা বোর্ডে, সেখানে ১১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে।

চলতি বছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষায় অংশ নেয়, যাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন; সার্বিক পাসের হার ৫২.১২%।

গত ৩১ অক্টোবর প্রকাশিত সেই ফলাফলে ৪০ হাজার ৮৪ জন জিপিএ ৫ পান, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৬ দশমিক ২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *