৫০ শতকে পেঁপে চাষ, আয় সাড়ে ৪ লাখ টাকা

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে পতিত ৫০ শতক জমিতে ৫৭০টি টপলেডি জাতের পেঁপে গাছের বাগান গড়ে সফলতার মুখ দেখছেন কৃষক আবদুল খালেক। ইতোমধ্যে এক দফায় পেঁপে বিক্রি করে আয় করেছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে প্রতি মণ পেঁপে বিক্রি করছেন ১ হাজার ৬০০ টাকা দরে। বাগানে এখনো প্রচুর পেঁপে থাকায় চলতি মৌসুমে ৭ থেকে ৮ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন তিনি।
আবদুল খালেক নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কৃষ্টপুর মৌজার কামালপুর গ্রামের বাসিন্দা। কৃষির প্রতি আগ্রহ থেকে পতিত ৫০ শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ শুরু করেন তিনি। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় জমিতে রোপণ করেন ৫৭০টি টপলেডি জাতের পেঁপে গাছ। নিয়মিত পরিচর্যা ও যত্নে গাছগুলোতে ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে বাগান থেকে পেঁপে সংগ্রহ করে বাজারজাতও করছেন তিনি।
কৃষক আবদুল খালেক জানান, পেঁপে চাষে এ পর্যন্ত তাঁর প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে। প্রথম দফায় পেঁপে বিক্রি করে পেয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে প্রতি মণ পেঁপে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করছেন। বাগানে এখনো পর্যাপ্ত পেঁপে রয়েছে। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে চলতি মৌসুমে ৭ থেকে ৮ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
তিনি আরও বলেন, অল্প জমিতে পরিকল্পিতভাবে পেঁপে চাষ করেও ভালো আয় করা সম্ভব। এ চাষে লাভের সম্ভাবনা দেখে আগামীতে আরও বড় পরিসরে উচ্চফলনশীল টপলেডি জাতের পেঁপে চাষ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
স্থানীয় কৃষক উজ্জ্বল মিয়া বলেন, আবদুল খালেকের পেঁপে বাগানের সাফল্য দেখে তিনিও বাণিজ্যিকভাবে পেঁপে চাষে আগ্রহী হয়েছেন। নিজের পতিত এক একর জমিতে টপলেডি জাতের পেঁপে চাষ শুরু করার পরিকল্পনা করছেন তিনি।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস আগামীর সময়কে জানান, চলতি বছর উপজেলায় ১৫ হেক্টর জমিতে পেঁপে চাষ হচ্ছে। পেঁপের ভালো ফলন পেতে উন্নত জাতের চারা নির্বাচন, সুষম সার প্রয়োগ, সঠিক পানি ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যা জরুরি। পাশাপাশি রোগবালাই দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কৃষকদের পেঁপে চাষে উৎসাহিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *