
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লাখনিতে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। নানা ঝুঁকি ও বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে খনির নতুন ১৪০৫ নম্বর লংওয়াল ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।
খনি সূত্রে জানা গেছে, নতুন ১৪০৫ নম্বর লংওয়াল ফেইজ থেকে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে এ ফেইজে পুরোদমে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ৩ আগস্ট ২০২৬ তারিখে খনির ১৩০৯ নম্বর ফেইজ থেকে উত্তোলন যোগ্য কয়লার উত্তোলন সম্পন্ন হয়। ওই ফেইজ থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হয়। এরপর নতুন ফেইজ চালু করতে বিভিন্ন ধরনের কারিগরি ও পরিচালনাগত চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমানে ওই ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।
এদিকে, বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে বর্তমানে ৬ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। মজুদ কয়লা ছাড়াও বর্তমানে উৎপাদিত কয়লার বড় অংশ খনি পাশর্^বর্তী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
আবারও কয়লা উত্তোলন শুরু হওয়ায় বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার রাতে বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম (উৎপাদন ও ব্যবস্থাপনা) প্রকৌশলী এ এস এম ইফতেখার আলম চৌধুরী জানান, শুক্রবার থেকে নতুন ফেইজ থেকে পূর্ণমাত্রায় কয়লা উত্তোলন শুরু হবে।