
মৌলভীবাজার প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজায় মৌলভীবাজারের সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মইন হাসান শ্রীমঙ্গলের পূজা মন্ডপ (৪৬ বিজিবি) পরিদর্শন করে শহরের শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে সাংবাদিকদের প্রেসব্রিফিং করে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, শ্রীমঙ্গল সেক্টরের অধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৮৫টি এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে ২৪টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।
পূজামণ্ডপের নিরাপত্তায় সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পাশাপাশি এনটিএমসি কর্তৃক প্রস্তুত করা ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের প্রশিক্ষণ ও রেসপন্সার হিসেবে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র-গোলাবারুদ পাচারসহ সীমান্তসংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এর আগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসানসহ বিজিবির কর্মকর্তারা। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ এবং পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারা।