শ্রীমঙ্গলে গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি :
সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষার পাশাপাশি ভুয়া সাংবাদিকতা প্রতিরোধেও সরকার কাজ করছে।সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির আওতায় সরকারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সিলেট আঞ্চলিক তথ্য অফিস এ সেমিনারের আয়োজন করে।
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভুয়া সাংবাদিকতা বন্ধে বিশেষ সেল গঠনসহ স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে প্রকৃত সাংবাদিকদের পেশাগত পরিচয় সুরক্ষার পাশাপাশি ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে।
বর্তমান সরকারকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন ও সদস্য সচিব মো. রুবেল আহমেদ সহ ২৫ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। এ সময় আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন ও মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা উজ্জল সিং উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন সিলেট তথ্য অফিসের তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলাম রাসেল।

সেমিনারের মুক্ত আলোচনায় সাংবাদিকরা কর্মক্ষেত্রে হয়রানিমূলক মামলা, হুমকি এবং পেশাগত নিরাপত্তাহীনতার নানা অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ এবং মফস্বল পর্যায়ের সাংবাদিকদের নিয়মিত সম্মানী না পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *